করোনার দুঃসময় কেটে গিয়ে সামনের দিনগুলোতে আনন্দ বার্তা বয়ে আসুক সকলের জন্য—এই কামনা করা হয়েছে বড়দিনের খ্রিষ্টযোগে।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে  লালমনিরহাট শহরে  শত শত খ্রিষ্টধর্মাবলম্বী যোগ দিয়েছেন বড়দিনের বিশেষ প্রার্থনায়। লালমনিরহাট   চার্চ  অফ গড ( ঈশ্বরের মন্ডল)   কেন্দ্রীয় উপাসনালয়ে  সকাল সাড়ে ৯টায় বড়দিনের খ্রিষ্টযোগ (বিশেষ প্রার্থনা) অনুষ্ঠিত হয়।
২৫ ডিসেম্বর, শুভ বড়দিন, খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। এই দিন খ্রিষ্টধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্ট জন্ম গ্রহণ করেছিলেন। দিনটি সারা পৃথিবীর খ্রিষ্ট ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত আনন্দের এবং তাৎপর্যপূর্ণ। এই দিনে তারা আনন্দে মেতে উঠেন। লালমনিরহাটসহ সারাদেশে দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন করা হচ্ছে।
বড়দিন উপলক্ষে  লালমনিরহাট চার্চগুলোতে ছিল বর্ণিল সাজসজ্জা। চার্চের ভিতরে-বাইরে নানা রকম সাজ-সজ্জায় শিশু যীশুখ্রিষ্টের জন্মদিন হয়ে উঠেছে উৎসবমুখর।
বড়দিনের উৎসব ঘিরে আনন্দমুখর আয়োজনে পিছিয়ে নেই লালমনিরহাট সহ দেশের বড় বড় শহরের অভিজাত হোটেলগুলো। রঙিন বাতি, ফুল আর প্রতীকী ক্রিসমাস ট্রিতে সাজানো হয়েছে বড়দিন। দিবসটি উপলক্ষ্যে আজ সরকারি ছুটির দিন।
বড়দিনের শুভেচ্ছা জানিয়ে লালমনিরহাট  কেন্দ্রীয় উপাসনালয়ের সম্পাদক মিঃ জেমস্ আশীষ দাস,  তিনি বলেন,  আমরা প্রার্থনা করি, দেশবাসী যেন ভালোভাবে জীবন যাপন করতে পারে । ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের জন্য আনন্দ বার্তা বয়ে আনুক সে কামনা করি। এই পৃথিবীতে আজ যীশু খ্রিষ্টের আদর্শ ও শিক্ষা অনুসরণ করা খুবই প্রয়োজন।
এসবের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও ছিল কঠোর। পুলিশ মোতায়েন ছিলো চার্চগুলোতে।
অনেক খ্রিষ্টান পরিবারে আজ তৈরি হবে বড়দিনের বিশেষ কেক। আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য অনেকে বড়দিনকে বেছে নিয়েছে।