ব্রাজিলে চলছে অনূর্ধ্ব-২০ ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগীতার সেমিফাইনাল ম্যাচে ঘটলো অত্যাশিত ঘটনা। গত (২২ জানুয়ারি) শনিবার রাতে মাঠে ঢুকে খেলোয়াড়কে ছুরিকাঘাতের টেষ্টা করেছে এক দর্শক। অনাকাঙ্ক্ষিত এ ঘটনাটি ঘটে সাও পাওলো-পালমেইরাস ম্যাচে।

ম্যাচের তখন ৫০ মিনিট চলছিল। ডি-বক্সের ভেতরে ফাউল নিয়ে দুই দলের খেলোয়াড়রা তর্কে জড়িয়ে যান। এমন সময় ছুরি নিয়ে মাঠে ঢুকে পড়েন সাও পাওলোর এক উত্তেজিত সমর্থক। তিনি পালমেইরাস ফুটবলারদের ওপর চড়াও হতে ছুরি নিয়ে মাঠে ঢুকে পড়েন।

উত্তেজনাপূর্ণ ম্যাচটি অবশ্য ২-০ গোলে জিতেছে পালমেইরাস। তবে ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন ওই দর্শকের কাণ্ড। গ্যালারি থেকে আচমকা মাঠে ঢুকে ছুরি আতঙ্ক ছড়ানো, পালমেইরাস ফুটবলারের ওপর চড়াও হওয়ার জেরে বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ রাখেন রেফারি। সাও পাওলোর ফুটবলার ও ম্যাচ অফিসিয়ালরা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান পালমেইরাস ফুটবলাররা। হামলার চেষ্টা চালানো ওই দর্শককে আটক করে পুলিশ।

কলমকথা/ সাথী