কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপ থেকে শেষ ষোলোতে উঠেছে জাপান ও স্পেন। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো কোস্টারিকা ও জার্মানিকে। গ্রুপ পর্বের শেষ রাউন্ডের দুই ম্যাচের খেলাই শুরু হয়েছিল বৃহস্পতিবার দিবাগত রাত ১টায়।

স্পেনের মুখোমুখি হয়েছিল জাপান, আর কোস্টারিকার মুখোমুখি জার্মানি। চার দলেরই সুযোগ ছিল নকআউটে যাওয়ার। স্পেনের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি জাপানিরা।

প্রথমার্ধে রক্ষণে কোণঠাসা হয়ে পড়া দলটি দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছে ২-১ গোলে। যে জয় নকআউট পর্বের পাশাপাশি নিশ্চিত করেছে জাপানের শীর্ষ স্থানও।

তবে স্পেন হারলেও ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে দলটি। অন্যদিকে কোস্টারিকার সঙ্গে ৪-২ গোলে জয়ের পরও গ্রুপ পর্ব পার হতে পারল না মানুয়েল নয়্যারের জার্মানি। তাদের ভাগ্য মূলত নিজেদের হাতে ছিল না।

কোস্টারিকাকে হারালেও গ্রুপের অন্য ম্যাচে স্পেন হারলেও বাদ পড়তে হতো তাদের। আর তেমনটাই হলো। স্পেনের সমান ৪ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানের কারণে পরের রাউন্ডে যেতে পারল না জার্মানি।