খেলার মাঠে খেলোয়াড়ের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা যেন বেড়েই চলেছে। গেল ইউরো ২০২০ এ ক্রিশ্চিয়ান এরিকসেন ভয় পাইয়ে দিয়েছিলেন।

অক্টোবরে বার্সেলোনা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো, কিংবা এই দিন দুয়েক আগে পাকিস্তানি ব্যাটার আবিদ আলি আক্রান্ত হয়েছিলেন হৃদযন্ত্রের সমস্যায়। ক্যারিয়ার হুমকির মুখে পড়ে গেলেও তারা সবাই অন্তত শেষমেশ বেঁচে বর্তে ফিরেছিলেন।

সে সৌভাগ্য হলো না ওমানি ফুটবলার মুখালেদ আল রাকাদির। মাঠে হার্ট অ্যাটাক হলো তার, হাসপাতালেও নেওয়া হয়েছিল। তবে শেষরক্ষা হয়নি তার। সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি মৃত্যুর কোলেই ঢলে পড়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ওমান ফুটবল লিগের ষষ্ঠ রাউন্ডে মুখোমুখি হয়েছিল মুখালেদের দল মাসকাট এফসি ও আল-সুয়াইক এফসি।

ম্যাচের আগে গা গরম করছিলেন, তখনই ঘটল ঘটনাটা। ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার হার্ট অ্যাটাকের কবলে পড়েন। এরপরই তাকে দ্রুত পাঠানো হয় হাসপাতালে। তবে তা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি পাড়ি জমান না ফেরার দেশে।