আগের ম্যাচে হেরেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে পিএসজির। তবে তাই বলে শেষ ম্যাচে কিছুতেই সুতোয় ঢিল দিতে চায় না দলটি। কোচ মরিসিও পচেত্তিনো জানাচ্ছেন, তিন পয়েন্টের জন্য নামবে তার দল। আজ মঙ্গলবার রাতে ঘরের মাঠে পিএসজির প্রতিপক্ষ ক্লাব ব্রুগা।

যে কোনো মূল্যে জিততে চায় পিএসজি। পচেত্তিনো একে দেখছেন একটা প্রক্রিয়ার অংশ হিসেবেই। বলছেন, ‘আমার ভালোই লাগছে। একটা কাঠামো নিয়ে কাজ করছি যাতে ক্লাব আর খেলোয়াড়দের সমর্থন পাচ্ছি।

আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি যা ধীরে ধীরে গড়ে উঠছে, যা মাঠে তৈরি হচ্ছে, দলের একটা নিজস্ব স্টাইল গড়ে উঠছে। সঠিক ভারসাম্যটা খুঁজে বের করতে সময় লাগবেই।’ মাঝে বেশ কিছু ম্যাচে পয়েন্ট হারিয়েছে দলটি। সিটির কাছে সবশেষ ম্যাচেই হেরে বসেছে পিএসজি।

তবে এ নিয়ে উতলা হওয়ার কিছু দেখছেন না পিএসজি কোচ। পচেত্তিনোর ভাষ্য, ‘আমি শান্ত আছি। কারণ আমি অনুভব করছি, প্রক্রিয়াটা ঠিক পথেই এগোচ্ছে। অনেক চড়াই উতরাই থাকবে, আমাদের ধারণাগুলোকে আরও বেশি উন্নত করতে হবে, আর পথে বাধা দেওয়ার মতো দল থাকবেই। কিন্তু আমি ভালোই বোধ করছি।’