বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরসহ আশেপাশের উপজেলার প্রতিটি খেলার মাঠে প্রত্যেকেই ছিল অপূর্ব ক্রীড়া শৈলীতে পারদর্শী, কর্ম জীবনের পাশাপাশি ক্রীড়া ঐতিহ্য ধরে রেখেছে আজও তাঁরা। তারা হলেন-

  • আসাদুজ্জামান আসাদ,
  • মুক্তি মাহমুদ খাঁন,
  • ভোলানাথ সরকার,
  • মোস্তাফিজুর রহমান মাসুম,

বিরামপুরে অনেক খেলোয়াড় বানানোর একনিষ্ঠ কারিগরও তাঁরা, সাবেক এই চারজন খেলোয়াড়ের ক্রীড়া নৈপুণ্যের আদর্শকে ধারণ করে বর্তমান তরুণ প্রজন্মের অনেক খেলোয়াড়দের এই ফুটবল খেলায় পথচলা।

ক্রীড়া প্রেমী হিসেবে এলাকায় তৃণমূল পর্যায়ে কিশোর ও তরুণদের খেলাধূলার উন্নয়নের জন্য তাঁরা যা কিছু করছেন, বিরামপুরের ক্রীড়াঙ্গনে তা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

পরবর্তী প্রজন্মের জন্য তাঁরা নিজেদের ঘুম হারাম করে দিনের পর দিন সবুজ মাঠের নেশায় ক্লান্তিহীন ভাবে কাজ করে যাচ্ছেন। মুক্তি মাহমুদ খাঁন সাবেক একজন দক্ষ খেলোয়াড়, বর্তমান তিনি এলাকায় টূর্ণামেন্ট পরিচালনার দায়িত্ব পালন করেন।

খেলার ধারাভাষ্যে আসাদুজ্জামান আসাদের কথামালার ফুলঝুড়িতে বাংলা সাহিত্যের ছন্দময় রস মাধুরি মাইকে দর্শক শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে তোলে। ফুটবল খেলায় তিনি ছিলেন মাঝমাঠে দু’পায়ের নৈপুণ্যতায় দর্শক মাতাতেন।

আর এখন সঞ্চালনায় তিনি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জনপ্রিয় হয়ে উঠেছেন। এক সময়কার সফল গোলরক্ষক ভোলানাথ সরকার বর্তমান উত্তরাঞ্চলের বিভিন্ন টূর্ণামেন্ট পরিচালনার দায়িত্ব নিয়মিত পেয়ে থাকে।

অপরদিকে মোস্তাফিজুর রহমান মাসুম মাঠে নির্ভর যোগ্য প্রধান রক্ষণশীল খেলোয়াড় হিসেবে বেশ সুখ্যাতি তাঁর। সরকারি দপ্তরের চাকুরিজীবি মাসুম তাঁর খেলোয়াড়ী জীবনের অভিজ্ঞতা থেকে মাঠে এখন নবীন খেলোয়াড়দের মাঝে টিমওয়ার্কের অনুশীলনে নেতৃত্বদান করে। বিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম ঘেঁষা তাঁর বাড়ি হওয়াই সবুজঘেরা বড় মাঠেই খেলাধূলার মাঝে তাঁর শৈশব থেকে বেড়ে উঠা।

খেলাধূলার মধ্যে ক্রিকেট, ফুটবলের প্রতি তাদের অগাধ ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই তরুণ উদীয়মান খেলোয়াড়দের নিয়ে কাজ করছে বিরামপুরে এই চারজন খেলোয়ার প্রেমী। বিরামপুর উপজেলার খেলার মাঠে মাঠে প্রতিভাবান তরুণদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে নিঃস্বার্থভাবে সময়, শ্রম ও মেধা ব্যয় করে থাকে তাঁরা। এছাড়াও এলাকার নানামুখী সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত আছে তাঁরা।

এলাকার ক্রীড়াপ্রেমীরা জানান, তাঁরা বিরামপুরে সরকারি, বেসরকারি আয়োজিত বিভিন্ন খেলাধূলার টূর্ণামেন্টে সক্রিয় সহযোগিতা করে থাকেন। এই চার জনেই এক সময়কার আদর্শ খেলোয়াড়। বর্তমানেও খেলাধূলায় তারা অবদান রেখে চলছে। অনুজরা তাদের খেলায় উজ্জীবিত, অনুপ্রাণিত।