দুবাইয়ে এখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা যেন বিমর্ষ, বিব্রত, বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন! আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার টুয়েলভের শেষ ম্যাচ।

মাহমুদুল্লাহরা মানসিকভাবে এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছেন, এই ম্যাচটি না খেলতে পারলেই যেন বেঁচে যেতেন। বিশ্বকাপের ঠিক আগের সিরিজে ঘরের মাঠে এই অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

কী দুর্দান্ত পারফরম্যান্স! যদিও খেলা হয়েছিল ভিন্ন উইকেটে, তা ছাড়া অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন সেরা ক্রিকেটারও ছিলেন না, তারপরও দলটা তো অস্ট্রেলিয়াই ছিল। দারুণ আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছিল মাহমুদুল্লাহর দল।

কিন্তু এখন সেই আত্মবিশ্বাস আর নেই। একের পর এক ম্যাচে হেরে যাওয়ায় পরিস্থিতি এমন হয়ে যেন কোনো রকমে সম্মানজনকভাবে হারতে পারলেও খুশি! যদিও গতকাল বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ জানালেন, এ ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়েই খেলবে বাংলাদেশ।