বহনযোগ্য কন্টেইনারের মাধ্যমে স্টেডিয়াম তৈরি করেছে ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক কাতার। এই স্টেডিয়ামে ৪০,০০০ দর্শক একসাথে বসে খেলা উপভোগ করতে পারবে।

জানা গেছে, ফুটবলের সবচেয়ে বড় মহারণ ২০২২ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে যথাসাধ্য নিজেদের সেরাটা দিয়ে আয়োজনের চেষ্টা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। তারই অংশ হিসাবে এবার তারা পরিবহনযোগ্য স্টেডিয়াম নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

স্টেডিয়ামের নাম রাস আবু আবউদ। দোহার বন্দরের উপরে ৯৭৪ শিপিং কন্টেইনার দিয়ে তৈরি করা, রাস আবু আবউদ ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সাতটি ম্যাচ আয়োজন করবে।

এখানে ব্যবহৃত সমস্ত কন্টেইনারগুলি পুনর্ব্যবহৃত ইস্পাত থেকে তৈরি করা এবং ৯৭৪ হল কাতারের ডায়ালিং কোডের প্রতীক। শুধু তাই নয়, দেশের অঙ্গীকার এবং পরিচয়ের প্রতিচ্ছবি।

টুর্নামেন্টটি শেষ হয়ে যাওয়ার পরে, অপসারণযোগ্য আসন, এমনকি ছাদ সহ অনেকগুলি অংশ কাতারের অভ্যন্তরে বা বাইরে অন্যান্য খেলাধুলা বা অন্য ইভেন্টগুলিতে ব্যবহারের জন্য ভেঙে ফেলা হবে এবং পুনর্নির্মাণ করা হবে।