বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র পুরো টুর্নামেন্টেই খেলেছেন দুর্দান্ত ফুটবল।টুর্নামেন্টে ৫টি গোল করেছেন একটি হ্যাটট্রিকসহ। তিনি প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে একটি গোল করেছিলেন। ভুটানের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক এবং ফাইনালে করেছেন এক গোল।
পাঁচটি গোল করে সর্বাধিক গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতার পাশাপাশি শামসুন্নাহার জুনিয়র জিতেছেন টুর্নামেন্টসেরা পুরস্কার গোল্ডেন বলও।
২০১৯ সালে অনূর্ধ্ব-১৫ দলে এবং গত বছর অনূর্ধ্ব-১৮ দলের অধিনায়ক ছিলেন শামসুন্নাহার। দুই আসরে ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেননি।এবার তার নেতৃত্বে সাফ নারী অনূর্ধ্ব-২০ ফুটবলে ট্রফি জিতেছে বাংলাদেশ।সর্বোচ্চ গোলদাতার পাশে টুর্নামেন্ট সেরা’র পুরস্কার।
তার চেয়েও বড় অর্জন তার নেতৃত্বে ট্রফি জয়। সে কারনেই গর্বটা একটু বেশি অধিনায়ক স্ট্রাইকার শামসুন্নাহার জুনিয়রের-‘এবার আমি নিজের সর্বোচ্চটা দিয়েছি, আশা করেছি, এবার ঘরের মাঠে খেলা, পরিকল্পনা ছিল ট্রফিটা যেন ঘরেই থাকে।
সবচেয়ে বড় পাওয়া অধিনায়ক হিসেবে আমি চ্যাম্পিয়ন হয়েছি, মাঠে টিমকে গাইড করেছি। টিম চ্যাম্পিয়ন হয়েছে। এটা ভাগ্যের ব্যাপার। দলের সবাইকে ধন্যবাদ।’
টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে চোট পাওয়ার পর যে মেয়েটির খেলা হয়ে পড়েছিল অনিশ্চিত, সেই মেয়েটার হাত ধরে এলো সর্বোচ্চ শিরোপা। শামসুন্নাহার জুনিয়রের প্রশংসায় তাই পঞ্চমুখ বাংলাদেশ নারী দলের সফল কোচ গোলাম রব্বানী ছোটন-‘নেপাল ম্যাচে চোট পাওয়ার কারণে শামসুন্নাহারকে নিয়ে অনিশ্চয়তার কথা অনেকে বলেছিল, কিন্তু সে ফিরে নিজের সামর্থ্য দেখিয়েছে। আমি সবসময় বলেছি, শামসুন্নাহার আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। টুর্নামেন্ট জুড়ে সে দেখিয়েছে দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ।’
টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন বাংলাদেশের রূপনা চাকমা। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি জিতেছে ভুটান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।