ফের ছোট দলের বিপক্ষে হোঁচট খেলো রিয়াল। রোববার (৩০ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনার পক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। জিরোনার পক্ষে দলকে সমতায় ফেরানোর গোলটি করেন ক্রিস্তিয়ান স্তুয়ানি।

ম্যাচের ২৩ মিনিটে ভাগ্যের কাছে হেরে যায় রিয়াল। গোলের উদ্দেশে রদ্রিগোর নেয়া শট পোস্টে বাধা পায়। ১৫ মিনিট পর একই দুর্ভাগ্যের শিকার জিরোনা। প্রতি-আক্রমণে রিয়ালের ডিফেন্ডার দানি কারভাহালের কড়া চ্যালেঞ্জ এড়িয়ে ডি-বক্সে ঢুকে কাটব্যাক করেন ভালেহি। ফাঁকায় বল পেয়ে এররেরার বুলেট গতির শট থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে ক্রসবার কাঁপায়।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। তবে তাদের এলোমেলো আক্রমণ পরাস্ত করতে পারছিল না জিরোনার রক্ষণভাগকে। অনেক প্রচেষ্টার পর ৭০তম মিনিটে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।

ডি-বক্সে জিরোনার ডিফেন্ডারদের বাধা এড়িয়ে ডান দিক থেকে গোলমুখে বল বাড়ান ফেদে ভালভেরদে, আর দারুণ স্লাইডে বল জালে পাঠান ভিনিসিউস। মার্কো আসেনসিও নেয়া বুলেট গতির শট অসাধারণ ক্ষিপ্রতায় কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন পাওলো দিনো। ৭৭তম মিনিটে রিয়ালের ডি-বক্সে আসেনসিওর হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে সমতা টানেন উরুগুয়ের ফরোয়ার্ড ক্রিস্তিয়ান স্তুয়ানি।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে শেষ সুযোগ হাতছাড়া করেন রদ্রিগো। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে জিরোনার আলেইশ গার্সিয়াকে পেছন থেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন টনি ক্রুস।

১২ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেল বার্সা।