রোনালদো-মেসিদের যুগের সমাপ্তি এবার হয়তো একেবারেই ঘটলো। ফুটবলে এখন এসেছে একাধিক তরুণ ফুটবলার। বর্তমান এবং ভবিষ্যতের রাজত্বও চলে যাবে তাদের নিকট। ফ্রান্সের করিম বেনজেমাও মেসিদের সমসাময়িক ফুটবলার।

এক দশক ধরে খেলছেন রিয়াল মাদ্রিদে। রিয়ালকে জিতিয়েছেন শত ম্যাচ, উপহার দিয়েছেন ফুটবলের যাবতীয় সকল শিরোপা। তবে নিজের ব্যক্তিগত অর্জনের তালিকায় অধরা থেকে গিয়েছিল ব্যালন ডি’অর পুরস্কারটি।

অপেক্ষায় থাকতে হয়েছে এক যুগেরও বেশি সময় ধরে। অবশেষে ব্যালন নিজেই ধরা দিলো বেনজেমার হাতে।

২০২১-২২ মৌসুমের সেরা ফুটবলার হিসেবে এবারের ব্যালন ডি’অর জিতেছেন ৩৫ বছর বয়সী করিম বেনজেমা। সোমবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে তার হাতে পুরস্কারটি তুলে দেন কিংবদন্তি জিনেদিন জিদান।

গত মৌসুমে বেনজেমা লস ব্লাঙ্কোসদের জার্সিতে দুর্দান্ত খেলেছেন। লিগে এবং চ্যাম্পিয়ন্স লিগে গোল করার ভার দুর্দান্তভাবে সামলেছেন। লা লিগা ও ইউরোপ সেরার শিরোপা জয়ের পথে মৌসুমে সব মিলিয়ে ৪৬ ম্যাচে করেছেন ৪৪ গোল।

এর মধ্যে লিগে ৩২ ম্যাচে ২৭ গোল উঠেছে তার নামের পাশে। চ্যাম্পিয়ন্স লিগে তিনি ছিলেন বিধ্বংসী। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক করেছেন।

১২ ম্যাচে গোল করেছেন ১৫টি। বেনজেমার ব্যালন ডি’অরের পথে বহু বছর পর শক্ত কোন প্রতিদ্বন্দ্বী ছিলেন না। তার পুরস্কার জয় নিয়ে ছিল না সংশয়।