রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

শনিবার (২১ আগস্ট) ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিনতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ভেতরে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। ধোঁয়ার কারণে আমাদের কর্মীদের প্রচুর বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। ফায়ারের কর্মীরা সর্বাত্মক চেষ্টা করছে দ্রুত আগুন নেভানোর জন্য। কিন্তু প্রচণ্ড ধোঁয়া থাকায় অনেক জায়গায় ঠিকভাবে পানি পৌঁছানো যাচ্ছে না।

সকাল সোয়া ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।