দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৮ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৫৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৫ হাজার ৭৬৫ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একদিনে পরীক্ষায় শনাক্তের হার ২.৯১ শতাংশ। মোট শনাক্তের হার দাঁড়ালো ১৪.৪৪ শতাংশ
স্বাস্থ্য অধিদফতর

আগের দিন বুধবার করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৭৩২ জনের। বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩১ হাজার ৫৭৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১ জন পুরুষ ও ৪ জন নারী।

তারা সবাই ঢাকা বিভাগের। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।