বরাবরের মতোই সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদ্‌যাপিত হবে। বাসস জানায়, এ বছর তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে কুষ্টিয়ার শিলাইদহে। এ ছাড়া কবির স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর, খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে রবীন্দ্রমেলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এবার রবীন্দ্র জন্মবার্ষিকীর প্রতিপাদ্য হলো ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’। বিভিন্ন জেলায় জেলা প্রশাসকেরা রবীন্দ্র জন্মবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করবেন।

রাজধানী ঢাকায় শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান শুরু করবে আজ থেকে। বাংলা একাডেমি বিকেল চারটায় সৈয়দ ওয়ালীউল্লাহ সভাগৃহে আয়োজন করেছে একক বক্তৃতা, রবীন্দ্র পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে লালমাটিয়ার গ্যালারি ইলিউশনস ‘২৫শে বৈশাখ’ নামে ২৫ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে। উদ্বোধন আজ সন্ধ্যা সাড়ে ছয়টায়, চলবে ১৭ মে পর্যন্ত।