
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, রমজান মাস কেবল উপবাস থাকার নাম নয়, বরং এটি তাকওয়া অর্জন ও আত্মশুদ্ধির মাস। রোজা মানুষের মধ্যে ধৈর্য, সংযম ও সহমর্মিতা তৈরি করে। ব্যক্তি ও সমাজ জীবনে রমজানের শিক্ষা বাস্তবায়ন করতে পারলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন করা সম্ভব।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। রমজানে মানুষের কষ্ট লাঘবে প্রশাসন ও ব্যবসায়ীদের কার্যকর ভূমিকা রাখতে হবে। অসাধু ব্যবসায়িক কর্মকাণ্ড ও মজুদদারি পরিহার করা সবার নৈতিক দায়িত্ব।”
মুন্ডুমালা পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, কর্মপরিষদ সদস্য মো. জালাল উদ্দিন ও তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন।
এ ছাড়া এনসিপির রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব মো. আতিকুর রহমানসহ স্থানীয় আলেম-উলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক বলেন, রমজানের শিক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও নৈতিক সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখতেই এই আয়োজন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।