রাজশাহী মহানগরীতে কথিত ভুয়া কবিরাজের প্রতারণার তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলা ও পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মো. তানজিলুল ইসলাম (লাইক)।

​অভিযোগ সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি এলাকার বাসিন্দা মুরাদ হোসেন দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁক, পানি পড়া ও অলৌকিক চিকিৎসার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। চিকিৎসা-সংক্রান্ত কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা যোগ্যতা না থাকা সত্ত্বেও স্থানীয় মসজিদে কোরআন শিক্ষার পরিচয় ব্যবহার করে তিনি এ প্রতারণা চালিয়ে আসছিলেন বলে ভুক্তভোগীরা জানান।

স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত মুরাদ মূলতঃ রাজশাহী সিটি কর্পোরেশনের একজন ভ্যানচালক।

​এসব তথ্যের সত্যতা যাচাই ও সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে গত ২১ জুলাই রাতে ঘটনাস্থলে যান কয়েকজন সাংবাদিক। এর পরদিন ২২ জুলাই সন্ধ্যা ৮টার দিকে নগরীর আল-আরাফাহ একাডেমির সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, মুরাদ হোসেন, তার বাবা নিজাম উদ্দিন ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন। ওই সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে সাংবাদিক তানজিলুল ইসলাম প্রাণে রক্ষা পান।

​ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে মুরাদ হোসেন ও তার বাবা নিজাম উদ্দিনকে অভিযুক্ত করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর থেকেই অভিযুক্তরা তানজিলুল ইসলাম ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন, যার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​ভুক্তভোগী সাংবাদিক তানজিলুল ইসলাম বলেন, “সংবাদ সংগ্রহ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। প্রতারণার অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে আমি হামলার শিকার হয়েছি। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”