কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৫টায় কাতারের আল শামাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চার বাংলাদেশি হলেন- নারায়ণগঞ্জের মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ ইউসুফ, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মোহাম্মদ রাহাত এবং ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম। তারা সবাই প্রবাসী।
রাহাতকে শনিবার কাতারের আবু হামুর কবরস্থানে দাফন করা হয়েছে। বাকি তিনজনের লাশ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনায় আহত হয়েছেন মোহাম্মদ জামাল উদ্দিন ও হাবিবুর রহমান নামের দুই প্রবাসী। তাদেরকে দোহা হামাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুজনের বাড়ি নারায়ণগঞ্জে।
জানা যায়, আল শামাল মহাসড়কে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। আর হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, মর্গে থাকা তিনজনের লাশ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।